দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ আশপাশের পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের সব ধরনের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যে-ই দেখাক না কেন, তাদের ঘাঁটি সম্পূর্ণ নির্মূল করা হবে।
রোববার (৩১ মে) জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে নগরের সার্কিট হাউসে আয়োজিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সভায় পার্বত্য বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের সংসদ সদস্যরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী ফকির হোসেন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠককে চট্টগ্রামের ইতিহাসে অন্যতম উচ্চপর্যায়ের সভা হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, তা নির্মূল করতে হবে। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তাদের আশ্রয়স্থল এবং প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
জঙ্গল সলিমপুর, সলিমপুর ও আলীনগর এলাকার সাধারণ বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা নাকচ করে মন্ত্রী বলেন, ‘কোনো সাধারণ বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না। সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে ওই অঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি স্থাপনা ও একাডেমি নির্মাণের জন্য পরিকল্পনা অনুযায়ী জায়গা নির্ধারণের কাজ চলছে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রসঙ্গে তিনি জানান, লিংক রোড সংলগ্ন প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। কারা অধিদপ্তর জায়গাটির দায়িত্ব গ্রহণের পর দ্রুত উন্নয়নকাজ শুরু হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরে শুধু প্রথাগত পুলিশিং নয়, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর প্রায় চার হাজার সদস্য হেলিকপ্টার সহায়তায় সফল অভিযান পরিচালনা করেছে। সবাই জননিরাপত্তা ও রাষ্ট্রের স্বার্থে সমন্বিতভাবে কাজ করছে।’
তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর ছাড়াও চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালী এলাকায় সন্ত্রাস দমনে সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যম এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে সকালে তিনি জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন। এ সময় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এমএস/